নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স তথা প্রবাসী আয় এসেছে ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকা।
আজ রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
গত ৬-৮ নভেম্বর প্রবাসীরা দেশে ১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বলে জানিয়েছে এই কর্মকর্তা। তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে ১ হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে ১৪ দশমিক ৭০ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশের ইতিহাসে এটি কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।







