উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন, এমন গুঞ্জনের মধ্যেই ধানমন্ডি থানার ভোটার হতে যাচ্ছেন তিনি।
আজ রোববার (৯ নভেম্বর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
ভোটার হতে এদিন বিকেল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসে (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা।
কয়েকদিন আগে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করবেন। তবে, উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর কোন দলে যোগ দেবেন, এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
গণমাধ্যমকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, এমন যে কারও রাজনীতি কিংবা নির্বাচন করার ইচ্ছা থাকলে তাদের সবার পদত্যাগ করা উচিত। যেন কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনে নিরপেক্ষতার স্বার্থে এমনটি করা উচিত।’
তিনি বলেন, ‘২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে- মন কারও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।’
এদিকে আগামী নির্বাচনে নিজ এলাকা মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছেন আসিফ মাহমুদ।
ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। এই আসনে প্রার্থী দেবে না এনসিপিও। সেক্ষেত্রে এনসিপির হয়ে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ। তবে স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা বেশি। তবে জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।













