আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মালিকানাধীন আর্থিক ও সেবাপ্রতিষ্ঠান থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না দিতে জোর দাবি জানাবে বিএনপি।
দলটি বলছে, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি প্রতিষ্ঠান থেকে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দেওয়া যাবে না।
এই প্রতিষ্ঠানগুলো জামায়াতের দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে চিহ্নিত। ইতিমধ্যে ইসলামী ব্যাংক সারা দেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্যপদে তড়িঘড়ি করে দলীয় লোকজন নিয়োগের চেষ্টা করছে।
নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে এই দাবি জানাবে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নিবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া বৈঠকে অংশ নেবেন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এসব তথ্য জানান।







