প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের জনগণ।
গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাস্তায় নেমে আসে দেশটির ৫০টি অঙ্গরাজ্যজুড়ে লাখো মানুষ।
‘নো কিংস’ নামে আয়োজিত এই আন্দোলন নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বড় হুমকি। তারা শান্তিপূর্ণভাবে সারাদিন বিক্ষোভ চালান। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, অন্তত এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে, তবে কোনো গ্রেফতারের ঘটনা ঘটেনি।
আজ রোববার (১৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ বড় শহরগুলোতে মানুষ রাস্তায় নামে।
অন্যদিকে, ট্রাম্পপন্থীরা অভিযোগ করেছেন, বামপন্থি সংগঠন ‘অ্যান্টিফা’ এ আন্দোলনে জড়িত। ট্রাম্প নিজে এসব অভিযোগকে ‘হেইট আমেরিকা র্যালি’ হিসেবে আখ্যা দেন।
বিবিসি জানায়, ক্ষমতায় ফেরার পর ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন দপ্তর ভেঙে দিয়েছেন এবং কিছু অঙ্গরাজ্যে গভর্নরদের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।








