ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি বাসের ১৮ জন নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজ্যের বিলাসপুরে ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট এলাকার ভাল্লু সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে বাসটি হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে।
স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ রুপি এবং আহতদের ৫০,০০০ রুপির ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
সূত্র: এনডিটিভি







