চলতি সেপ্টেম্বর মাসের ছয় দিনে দেশে এসেছে ৫১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ২৯৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ সময়ে প্রবাসীরা গত বছরের তুলনায় কিছুটা কম রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে প্রায় ৪ কোটি ডলার বা ৭.১ শতাংশ।
এ নিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ৫৪১ কোটি ৬০ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৪৬৯ কোটি ৪০ লাখ ডলার। বছরের ব্যবধানে প্রবৃদ্ধির হার প্রায় ১৫.৪ শতাংশ বেড়েছে।
এর আগে, গত জুলাই মাসে ২৪৮ কোটি মার্কিন ডলার এবং আগস্ট মাসে ২৪২ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে- ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের তুলনায় এ প্রবাহ প্রায় ২৭ শতাংশ বেশি।








