ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকা এক মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। ইহুদিবাদী সেনাদের অব্যাহত গুলি আর বোমায় সেখানে প্রতিনিয়ত মারা যাচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। গত ২৪ ঘন্টায় দখলদার বাহিনীর হামলায় ভূখণ্ডটিতে আরও অন্তত ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ ত্রাণ প্রত্যাশী রয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ জন ছিলেন ত্রাণের খোঁজে যাওয়া সাধারণ মানুষ বলে আল-জাজিরাকে জানিয়েছে চিকিৎসা সূত্র। বাসিন্দারা জানিয়েছেন, গাজার রাজধানী নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণ চালানো হয়েছে।
গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। এটি গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র। তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এ অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটবে এবং সেখানে আশ্রয় নেয়া প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন।







