বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
এ সময় দলের কারও পাতানো ফাঁদে পা না দেয়ার নেতাকর্মীদের আহবান জানান গয়েশ্বর।
তিনি বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি এখনও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন।








