জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের পর থেকে দুই দেশের মধ্যে চরম অবস্থা বিরাজ করছে। এরমধ্যে গতকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। এ ঘটনার পর কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ মে) বিএসএফ ঐ রেঞ্জারকে আটক করে। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বর্তমানে তিনি বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন।
পাকিস্তানি রেঞ্জার আটকের কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণরেখার কুপওয়ারা, বারামুলা, রাজৌরি, পুঞ্চ, মেন্ধর, নৌশেরা, আখনুর ও সুন্দরবানি সেক্টরে গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান বিনা উসকানিতে হামলা শুরু করলে ভারতও পাল্টা জবাব দিয়েছে।
এটিকে সাম্প্রতিক সময়ে দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। যদিও কোনো প্রাণহানির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে এলওসির পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ।
সূত্র: এনডিটিভি








