প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। এ ছাড়া আরো ৭০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
এছাড়াও এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে দেশটিতে ফেরত যোগ্য এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে শনাক্তের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এতে আরো বলা হয়েছে, এছাড়া আরো ৭০ হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের জন্য তাদের ছবি ও নামের অতিরিক্ত তদন্ত চলমান রয়েছে। ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সামিট ছাড়াও মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শেউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে আজ শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘদিনের সমাধানে এটি একটি বড় পদক্ষেপ। মূল তালিকার বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে যাচাই-বাছাই করে দ্রুত ফেরত নেয়া হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার।








