ঢাকার দুই সিটি কপোরেশনকে (উত্তর ও দক্ষিণ) একত্র করার সুপারিশ করেছে অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দিল্লির মতো ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে একত্র করে একটি মেট্রোপলিটন সরকার গঠন করলে উপকার হবে।’
প্রায় তিন দশক ধরে ঢাকার মেয়ররা নগরের সেবার মান উন্নয়নে ইউটিলিটি পরিষেবাগুলোকে একত্র করে একটি মেট্রোপলিটন সরকার গঠনের দাবি জানিয়ে আসছেন। ১৯৯৬ সালে তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ প্রথম এই প্রস্তাব উত্থাপন করেন।
তবে মন্ত্রণালয় প্রস্তাবটিকে অবাস্তব বলে উল্লেখ করে, কারণ সরকার বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওপর ঢাকা সিটি করপোরেশনের কর্তৃত্ব দিতে অনিচ্ছুক ছিল।
সাম্প্রতিক টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকাকে পুনরায় একীভূত করা হলে শাসনব্যবস্থায় গতি আসবে, অনাকাঙ্ক্ষিত জটিলতা কমবে এবং সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত হবে। প্রতিবেদনে সমন্বিত নগর পরিকল্পনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।








