১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ সই করে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। চুক্তি সইয়ের ২৭ বছর পার হলেও চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হয়নি বলা হচ্ছে।
২৭ বছরেও পাহাড়ে সংঘাত, হানাহানি আর রক্তক্ষরণ বন্ধে কার্যত উদ্যোগ না নেওয়ায় স্থায়ী শান্তি ফেরেনি পাহাড়ে। সবুজ পাহাড়ে হঠাৎ করেই ঝরছে রক্ত। তৈরি হচ্ছে নতুন, নতুন রাজনৈতিক ও জাতিভিত্তিক দলও। পাহাড়িদের মধ্যে চুক্তি বাস্তবায়ন নিয়ে হতাশার পাশাপাশি সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতার জেরে স্থানীয় পাহাড়ি-বাঙালির মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা বেড়েছে।
তবে ২৬ বছর আগে পার্বত্য চুক্তির বিরোধী করে পাহাড়ের একমাত্র ও প্রথম আঞ্চলিক দল জনসংহতি সমিতি ভেঙে আত্মপ্রকাশ করা চুক্তির বিরোধীপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সম্প্রতি চুক্তি বাস্তবায়নের পক্ষে কথা বলছে। দলটির মুখপাত্রের শর্ত, এর আগে জনসংহতি সমিতিকে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করতে হবে।








