তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে সেগুলো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল। যা ছিলো একটা ফ্যাসিস্ট আচরণ। অন্তর্বর্তী সরকার যে দিবসগুলোকে গুরুত্বহীন মনে করেছে সেগুলোই বাতিল করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ৭ই মার্চ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হলেও তা জাতীয় দিবসের গুরুত্ব পাওয়ার মত নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এতে বঙ্গবন্ধুকে অসম্মানিত করা হচ্ছে না। ইতিহাস বিকৃতও করা হচ্ছে না। বরং প্রকৃত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে।” আওয়ামী লীগই মূর্তি বানিয়ে পূজা করে শেখ মুজিবকে অসম্মানিত করেছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।
ভবিষ্যতে বাতিল করা দিবসগুলো আবারও পুনর্প্রতিষ্ঠা করা হবে কিনা তা জনগণ ঠিক করবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আপাতত ৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস ঘোষণা করা হবে।








