মুন্সীগঞ্জে নিজগ্রাম দয়হাটায় সমাহিত হবেন সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। রোববার (৬ অক্টোবর) সকালে তাঁর মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে নেয়া হয়। সেখানে শ্রীনগর উপজেলার স্টেডিয়ামে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে বদরুদ্দোজা চৌধুরীর দেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। সেখানে চতুর্থ দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে। গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি।
পরে শনিবার তারই প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম ও বারিধরা কূটনৈতিক এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।














