নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে গবাদিপশু ছাগল-ভেড়ার পেস্টি ডেস পেটিটস ইন রুমিন্যন্ট (পিপিআর) রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর ইউনিয়ন পরিষদের চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নাজমুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা (এলডিডিপি), ডা. মো. রুবেল হোসাইন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আব্দুর রশীদ সরদার, ইউপি সদস্যবৃন্দ,খামারীগণ এবং অর্ধশত টিকা প্রদানকারী সদস্য।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক বলেন, পিপিআর রোগ একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত সারা বছরই এ রোগে পশু আক্রান্ত হয়ে থাকে। তবে বর্ষাকাল ও শীতের সময় এ রোগ বেশি দেখা যায়। এ রোগে আক্রান্ত পশুর মৃত্যুহার আশি শতাংশ।
তিনি আরও জানান, সাধারণত টিকা বেসরকারিভাবে সহজলভ্য নয়। এ রোগের মৃত্যুহার ৫০-৮০%। তাই খামারীসহ যারা ছাগল-ভেড়া পালন করেন, তারা যাতে এ রোগ দ্বারা ক্ষতিগ্রস্থ না হয়, সে কারণে সরকারিভাবে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেচ্ছাসেবক দ্বারা উপজেলার বিভিন্ন ইউপিসহ ঘোষণাকৃত স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।








