আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে।
দুপুরের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে এই গণমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরআগে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এরই মধ্যে সমাবেশে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মী সমর্থকসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জনসমুদ্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করেছে দলটি।
সকাল থেকেই মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গণসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার ফেস্টুন শোভা পায়। স্লোগানে স্লোগানে মুখোরিত হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। অনেক ত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন হয়েছে, তা হাত ছাড়া করতে চান না নেতাকর্মীরা।
দেড় দশকে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্র্যাহারের দাবি তোলেন তারা। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান বিএনপি নেতারা।
দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে গণতন্ত্র দিবসের সমাবেশ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দলের করণীয় নিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।








