যাত্রাবাড়ী থানায় ছাত্র ইমরান হাসান হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পুলিশ। ছাত্র ইমরান হাসানকে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম মিয়া তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ছাত্র ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।








