লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)র গুলিতে নুরুল ইসলাম (৬০) এক বাংলাদেশি নিহত হয়েছে ।
আজ বুধবার ভোর রাতে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক।
নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।
সূত্রমতে , ৪ থেকে ৫ জন বাংলাদেশী লোহাকুচি সীমান্তের ৯১৯ নং সীমানা পিলার দিয়ে গভীর রাতে ভারতের ভিতরে প্রবেশ করে। সে সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থালেই মারা যান নুরুল ইসলাম । এরপর তার সাথে থাকা অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার লাশ নিয়ে আসে। খবর পেয়ে উপজেলার গোড়ল এলাকার তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন।
লালমনিরহাট ১৫বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।








