পার্কের পুকুরে লরি পড়ে প্রাণ গেল মামা ভাগ্নের।চট্টগ্রামের পতেঙ্গায় বন্দরের মালবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারী নিয়ে পাশের প্রজাপতি পার্কের পুকুরে পড়ে মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের কাছে প্রজাপতি পার্কের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাগ্নে সাবিক ও তার মামা আসাদুজ্জামান সানি।
স্থানীয় সোহেল জানান, আহতদের মধ্যে সাকিবের বাবা আলমগীর, মা নুসরাত ও ভাই ইয়াসিন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পতেঙ্গায় ঘুরতে গিয়েছিলেন পাঁচ বছরের সাকিব। সমুদ্র সৈকত, নেভাল ঘুরে রাতে সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিল তারা। এসময় দ্রুতগতির এক লরি চাপায় লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর ছেলে আওয়ামী লীগ নেতা ওয়াহিদ চৌধুরী বলেন, রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে আসা একটি কন্টেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে হাসপাতালে আছেন।







