শবনম ইয়াসমিন বুবলীর পর এবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসও। অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় জিডি-টি করেছেন বহু হিট সিনেমার এই অভিনেত্রী।
জিডিতে অপু বিশ্বাস উল্লেখ করেছেন, ‘বেশ কিছুদিন যাবৎ ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি।’

শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা। তিনি বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সূত্রে খবর, ‘বুবলী ফ্যান, সীমান্ত, ভাইরাল নিউজ বাই তোমা, ফাইভ টিভি বাংলা ও রাইদ রবিসহ ৩৪টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম জিডিতে উল্লেখ করেছেন অপু। এ বিষয়ে মোবাইলে অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এর আগে একই ধরনের অভিযোগে একই থানায় (ভাটারা) জিডি করেন শবনম বুবলী। গত ২৪ এপ্রিল তিনি জিডি-টি করেন। ১৫ দিন পর গত বুধবার সে খবর প্রকাশ্যে আসে। জিডিতে একটি বেসরকারি টেলিভিশনের ফেসবুক পেজসহ অন্তত ৩০টি ফেসবুক একাউন্ট, পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেন বুবলী।
জিডিতে বুবলী লেখেন, ‘গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমাকে নিয়ে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এ অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি।’








