নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহকর্ত্রী সায়মা আক্তার (৩২) আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মাধ্যমে পাঁচ সদস্যের ওই পরিবারটির আর কেউই জীবিত রইলেন না।
আজ সকাল ৮টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সায়মার মৃত্যু হয়। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান সায়মার স্বামী সবজি বিক্রেতা মো. কালাম (৩৫) এবং তাদের তিন সন্তান মুন্নি (১০), মুন্না (৭) ও কথা (৭)।
গত রবিবার ফতুল্লার গিরিধারা এলাকার একটি ভাড়া বাসায় তিতাস গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের সবার অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন ছিল। শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে একে একে না ফেরার দেশে চলে গেলেন পরিবারের পাঁচ সদস্যই। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








