রাজধানী ঢাকা শহরের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। ঢাকার ট্রাফিক ব্যবস্থার দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে এটি ছিল এই সংক্রান্ত দ্বিতীয় বিশেষ সভা।
বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। এছাড়া ঢাকার দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এই সভায় অংশগ্রহণ করেন।
সভায় ঢাকার বর্তমান যানজট পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। রাজধানীবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। আগামীতে যানজট কমাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।








