সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘জেড’ মঞ্চে আনার উদ্যোগ নিয়েছে ফ্রান্সের নবগঠিত শিল্প সংস্থা ‘থিয়েটার দ্য লা মেজঁ ফ্রঁসেজ’। বাংলা নাট্যচর্চাকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে সংস্থাটি ‘অনলাইন বাংলা থিয়েটার ডিপ্লোমা’ কর্মসূচি চালু করেছে।
এই কর্মসূচির আওতায় তিনটি বিশেষ নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে দ্বিতীয় প্রযোজনা ‘জেড’-এ ১৯৭১ সালে তৎকালীন মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরা হবে। নাটকে মুক্তিযোদ্ধা আজম খান এবং জহির রায়হানের সঙ্গে জিয়াউর রহমানের একটি কাল্পনিক মেলবন্ধনও দেখানো হবে। নাটকটি লিখেছেন ফ্রান্স প্রবাসী নাট্যকার চয়ন খায়রুল হাবিব।
অন্য দুটি নাটকের মধ্যে একটি পৌরাণিক চরিত্র ‘শকুন্তলা’ এবং অন্যটি বেগম রোকেয়াকে নিয়ে নির্মিত হবে। এই ডিপ্লোমা কোর্সে নাট্যলেখন, অভিনয় ও নির্দেশনার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। ‘জেড’ নাটকটি পরবর্তীতে ইংরেজি ও ফরাসি ভাষায় অনুবাদ করে ফ্রান্সে মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রামে নাটকটির প্রথম প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।








