জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা শেষে দুই নেতা একসঙ্গে সংসদ ভবনের দিকে যান। এ সময় ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, বৈঠকটি প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল। আলাপ শেষে ডা. শফিকুর রহমান কার্যালয় ত্যাগ করলে প্রধানমন্ত্রী তাকে কিছুদূর এগিয়ে দেন।
এই সাক্ষাৎকে সংসদীয় রাজনীতিতে সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি সংসদ অঙ্গনে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করেছে।








