মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইব্রাহীম শেখ। এই সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।
জানা গেছে, হাফেজ ইব্রাহীম শেখ আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসা উম্মুল কুরার শিক্ষার্থী। প্রতিযোগিতায় তার কোরআন তিলাওয়াত ও উপস্থাপনা বিচারকদের মুগ্ধ করে।
বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ২৮টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন মালয়েশিয়ার হাফেজ নূরুল আবছার এবং তৃতীয় হন থাইল্যান্ডের হাফেজ সায়েদুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে কুয়ালালামপুরে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার দাতো ডা. হাসনিজাল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমান।








