পাকিস্তান সরকার ২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দেওয়ার পর জরুরি ভার্চুয়াল বোর্ড সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) আইসিসির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার।
প্রতিবেদনে বলা হয়, গ্রুপপর্বের এই ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে রোববার পাকিস্তান সরকার তাদের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলের মাধ্যমে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করে।
আইসিসির ওপর আর্থিক চাপ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে জরুরি এই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টগুলো থেকে নিষেধাজ্ঞা আরোপ।
এছাড়াও পাকিস্তানের অন্যান্য শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সীমিত করা হতে পারে। একই সঙ্গে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণেও বিধিনিষেধ আরোপের সম্ভাবনার কথা বলা হয়েছে প্রতিবেদনে।








