ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এখন পযর্ন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ ঘটনায় এর আগে আরও ১০ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহের ভালুকায় মহানবী মোহাম্মাদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতসহ ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।








