বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ (এম.এইচ)-এর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় শাহিন মাহমুদের পাশাপাশি আরও একজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, জবানবন্দি গ্রহণ শেষে বিচারক বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
এই বক্তব্যকে কেন্দ্র করে ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন—
“৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ-আলুর ন্যায্য দাম পেতো।”
বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো ৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।








