আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুম-খুনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে গুমের দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন সকাল ৮টার পর তিন মামলায় আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে ৭টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশেষ প্রিজন ভ্যানে করে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনা হয়। প্রিজনভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পৌঁছালে পুলিশ সদস্যরা একে একে অভিযুক্তদের নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যান।








