আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কার্যক্রম পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা এই পরিদর্শনে যান। এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরই মধ্যে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোতে বিচার কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে। একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণও প্রায় শেষ পর্যায়ে।
বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ উভয়েই বিচারকাজ চালিয়ে যাচ্ছে।








