পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের বাকি ৮ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার (৮ মে) এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
রাওয়ালপিন্ডিতে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে তা স্থগিত করা হয়। বৈঠকে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর বেশিরভাগ খেলোয়াড়ই সংযুক্ত আরব আমিরাতে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।
সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন স্থানে পড়ে যাওয়া ড্রোন নিয়ে উত্তেজনা চরমে ওঠে। পাকিস্তান অভিযোগ করেছে, ড্রোনগুলো ভারতের এবং এসব ড্রোন পাকিস্তানের ভূখণ্ডে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার উদ্দেশ্যেই পাঠানো হয়েছে। ভারত দাবি করেছে, তারা কাশ্মীরের পাহলগামে এপ্রিল মাসে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এই পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়। এরই মধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় পাকিস্তান ছেড়ে ইউএই-এর উদ্দেশে রওনা হয়েছেন।
মূল সূচি অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে চারটি, মুলতানে একটি এবং লাহোরে শেষ তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এখন সবগুলো ম্যাচই ইউএইতে অনুষ্ঠিত হবে।
পিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিরিজ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
সূত্র: ইএসপিএন








