ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ‘অপারেশন সিঁদুর’ নামে যে ঝটিকা অভিযান চালিয়েছে, তার দাঁতভাঙা জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বুধবার পাকিস্তানের জাতীয় সংসদে এক ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “রাতের আঁধারে ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে হামলা চালিয়েছে। অতীতেও তারা এ ধরনের হামলা চালিয়েছে। তবে বরাবরের মতো এবারও আল্লাহর কৃপা, জাতির সমর্থন ও দোয়ায় আমাদের সশস্ত্র বাহিনী শক্ত প্রতিরোধ গড়েছে এবং দাঁতভাঙা জবাব দিয়েছে।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের এই দৃঢ় জবাব শত্রু পক্ষকে বিশৃঙ্খল করে দিয়েছে। পরমাণু শক্তিধর দেশ হিসেবে আমাদের শক্তি, শৌর্য ও সামর্থ্যের প্রমাণ আবারও মিলেছে। আমাদের সেনাবাহিনী ইস্পাত-কঠিন শক্তিতে সজ্জিত।”








