গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তানের লাহোর কান্দাহারকে বৃষ্টি আইনে ২৩ রানে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠলো রংপুর।
গায়ানায় বৃষ্টির কারণে ম্যাচের জন্য নির্ধারিত হয় ৯ ওভার। যেখানে টস জিতে আগে ব্যাট করে ১ উইকেটে ৮৫ রানের পুঁজি পায় রংপুর। বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। কিন্তু রংপুরের বোলারদের তোপে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের দলটি। মেহেদী হাসান নেন ৩ উইকেট।
আসরের প্রথম দুই ম্যাচ হারলেও টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করলো সোহানের দল। শনিবার ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেট দলের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।








