হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চন্ডিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার (২৮) ও উপজেলার দক্ষিণ বড়চর (তালুক গড়াই) গ্রামের হাজী কিম্মত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩০)।
চুনারুঘাট থানা জানায়, হাফিজ ও মোস্তাফিজুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। ঘোরাফেরা শেষে তারা ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।








