ভয়াবহ বন্যার পর ফেনীবাসীর নতুন দুঃখ- জোয়ারের পানি। সোনাগাজীতে ছোট ফেনী নদীর ভাঙ্গা রেগুলেটর দিয়ে সাগরের লবণাক্ত পানি ঢুকে নষ্ট হচ্ছে কৃষি জমি, ফসলের ক্ষেত, মাছের ঘের। লবণাক্ত পানি ঠেকানো না হলে এই অঞ্চলের কৃষি ও মৎস্য চাষ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে বলে আমংকা স্থানীয় বাসিন্দাদের।
ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর রেগুলেটর সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ভেঙ্গে যায়। কয়েক বছর আগে এই রেগুলেটর নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে, রেগুলেটরের উপর দিয়ে বালু বোঝাই ভারী যানবাহন চলাচল করার কারণে রেগুলেটরটি দুর্বল হয়ে পড়ে। গত ২৫শে আগস্ট বন্যার পানির স্রোতে এটি ধসে পড়ে।
বন্যার পানি নেমে যাওয়ার পর এখন প্রতিদিন জোয়ারের লবনাক্ত পানি লোকালয়ে ঢুকে নষ্ট করছে ফসলী জমি। বন্যার দুর্ভোগ শেষ না হতেই লবণাক্ততার এ সমস্যা কাটাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ গাছ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মানের চেষ্টা করছে এলাকাবাসী।
ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, দ্রুত রেগুলেটর নির্মাণ করা না হলে জোয়ারের লবনাক্ত পানির কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে কৃষি উৎপাদন।
দ্রুত নতুন রেগুলেটর নির্মাণের আশ্বাস দিয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহারিয়ার।







