ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে।
সকাল ৭টা ৩০ মিনিট থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিতে ভোটদান শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে জয়লাভ করেছিলেন। আইনি বাধ্যবাধকতায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার পর শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর আকস্মিক মৃত্যুতে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল, যা আজ সাধারণ নির্বাচন হিসেবে সম্পন্ন হচ্ছে।








