বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। আগামীকাল ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া এ বার্তায় তিনি জানান, শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা সরকারের অগ্রাধিকার। নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ—এই তিনটি উপাদান পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের নিরাপত্তা ও সুস্থতা একে অপরের ওপর নির্ভরশীল। এই ধারণাকেই ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের পাশাপাশি প্রাণিকূল ও পরিবেশের সুস্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের সমন্বয়ের মাধ্যমে গবেষণা ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।
স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং (এমএল)-এর মতো প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
তিনি বলেন, সরকার ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ নীতিতে বিশ্বাস করে এবং ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার—এই বিশ্বাস থেকেই সরকার সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী জানান, প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থা সম্প্রসারণ, স্বাস্থ্যবিমা চালু ও পর্যায়ক্রমে বিস্তার, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এছাড়া স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সততা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও সবল জাতি গড়ে তোলা সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।








