দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চাইতে বাংলাদেশ সচিবালয়ে গিয়েছিলেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে সেখানে গেলে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সময় স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং পদোন্নতি সংক্রান্ত দাবির লিখিত আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন এবং তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা বলেন, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা ও অন্যান্য শর্ত পূরণ করার পরও দীর্ঘ সময় ধরে তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাদের অভিযোগ, এর ফলে প্রশাসনিক কাঠামোয় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং আবেদনটি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, বিগত সময়ে অযৌক্তিক কারণে পদোন্নতি প্রক্রিয়া থেকে তাদের বাইরে রাখা হয়েছে।
স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণের পর তাদের দীর্ঘদিনের এই সমস্যার একটি সমাধান হবে।








