মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো রাজনৈতিক বা ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে এক করে দেখার বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে অনন্য ও অগ্রগণ্য অধ্যায়, তাই এটিকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো উচিত নয়।
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের ইতিহাসে কারও অবদান অস্বীকার করে না। তবে মুক্তিযুদ্ধের প্রশ্নে একাত্তরের অবস্থান সবার আগে এবং সেটিকে সেই মর্যাদাতেই দেখার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জেনে আসছে যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। তার দাবি, ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
বক্তব্যে তিনি গণ-অভ্যুত্থানে শহীদ ও নেতৃত্বদানকারীদের অবদানের কথাও তুলে ধরেন। সরকার সবার ভূমিকার স্বীকৃতি দেয় উল্লেখ করে তিনি বলেন, কারও অবদান খাটো করা বা কারও অর্জন অন্যের কাছ থেকে কেড়ে নেওয়ার উদ্দেশ্য সরকারের নেই। তবে সবকিছুর আগে একাত্তরের ইতিহাসকে যথাযথ সম্মান জানানো জরুরি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তার নিজস্ব মর্যাদায় মূল্যায়ন করতে হবে এবং সেটিকে অন্য কোনো ঘটনার সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।








