যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত চার সপ্তাহ বা তার কম সময়ের মধ্যে শেষ হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রবিবার স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার মার-এ-লাগো থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ সামরিক অভিযান পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, অভিযানের শুরু থেকেই একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা ছিল এবং সেটি প্রায় চার সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ।
তিনি আরও বলেন, অভিযানে ইরানের শীর্ষ পর্যায়ের বহু নেতা নিহত হয়েছেন। যদিও তিনি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি, তবে দাবি করেন যে, এসব হামলা ছিল টার্গেটেড এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত।
যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করলেও ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেননি। তিনি বলেন, আলোচনার সুযোগ সবসময় থাকে। তবে তার মতে, এই উদ্যোগ আরও আগে নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
এদিকে ইরান এখন পর্যন্ত ট্রাম্পের এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সামরিক অভিযান ও পাল্টা হামলার মধ্যে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে।








