আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ক্রীড়াঙ্গনে আছে ব্যস্ত সূচি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান। গ্রুপ-২এ তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
সুপার এইটে এখনো সেমিফাইনালের সম্ভাবনা আছে পাকিস্তানের। দুই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে তারা গ্রুপের তৃতীয় স্থানে। একই গ্রুপে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ফলে পাকিস্তানের সামনে সমীকরণ কঠিন, নিজেদের ম্যাচ জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলও তাদের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
আজ গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলে বা অন্তত এক পয়েন্ট পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। সে পরিস্থিতিতে পাকিস্তানের অভিযান থেমে যাবে। তবে নিউজিল্যান্ড হারলে পাকিস্তানের সামনে সুযোগ থাকবে, কিন্তু তখন শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় এনে রান রেটের দিক থেকেও এগিয়ে থাকতে হবে। সব মিলিয়ে আজকের ম্যাচটি পাকিস্তানের জন্য টিকে থাকার লড়াই।







