দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ আজ প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে পদক, সম্মাননা সনদ ও নির্ধারিত অর্থ তুলে দেবেন।
অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
এবারের একুশে পদকের জন্য মনোনীতরা হলেন—চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। সংগীতদল হিসেবে ব্যান্ড ওয়ারফেজকেও একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে আজ বিকেলেই প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। একই সঙ্গে এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রকাশকদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।








