জুলাই গণঅভ্যুত্থানের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দেড় বছরের কার্যক্রম শেষে বিদায় নিয়েছে গত সপ্তাহে। এই সরকারের উপদেষ্টাদের এখন আর বেশি দিন সরকারি বাসভবনে থাকতে দিতে চায় না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই সাবেক উপদেষ্টাদের সরকারি বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নির্ধারিত সময়ের পর সরকারি বাসায় অবস্থান করলে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। সরকারি বাসায় থাকার জন্য বিশেষ পরিস্থিতিতে কেউ সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় নিতে পারবেন। তবে সে ক্ষেত্রে আগামী মার্চ বা এপ্রিল মাসের জন্য ভাড়া আদায় করা হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ মাসের ভাড়া নেওয়া হবে না।
জানা গেছে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন।
আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। তবে উপদেষ্টাদের ক্ষেত্রে তেমন কোনো নীতিমালা নেই। পেনশন সুবিধাও পান না তারা। সে কারণে বিষয়টি আগেই সংশ্লিষ্টদের জানানো হয়েছে। আশা করা হচ্ছে, সবাই এ মাসের মধ্যেই বাসা ছেড়ে দেবেন। বিশেষ প্রয়োজন হলে এক মাস সময় নেওয়া যেতে পারে। তবে সে ক্ষেত্রে ভাড়া দিতে হবে।
সূত্র জানিয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় ২৪টি বাংলো এবং ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এগুলো দ্রুত মেরামত করে বর্তমান সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের বরাদ্দ দেওয়ার প্রস্তুতি চলছে। আগামী মার্চের মধ্যেই নতুন বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য আবাসন পরিদপ্তরের।








