ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন তেহরানের শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা। শুক্রবার দেশটির সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানে যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হস্তক্ষেপের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এর আগে, শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ইরান যদি গুলি চালায় এবং সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে।
ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনও সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে।
ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির বিষয়ে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি বলেছেন, ‘‘ট্রাম্পের জানা উচিত, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল এবং আমেরিকার স্বার্থের ক্ষতি করবে।’’








