ফের বিশ্বজয় করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ আনাস বিন আতিক। মিসরের কায়রোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন নাছিরী। তিনি জানান, গত শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে চার দিনব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের কঠিন প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলে শীর্ষ স্থানে পৌঁছান হাফেজ আনাস।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম হয়ে তিনি এ বিশ্ব মঞ্চে অংশগ্রহণের সুযোগ পান।
এর আগে সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন আনাস। তিনবারের এই বিশ্বজয়ীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।







