আগামী ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর আগেই সোমবার (১০ নভেম্বর) রাজধানী ঢাকায় একাধিক স্থানে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানের ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার রাজধানীতে অন্তত ১৭ হাজার পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন বলে জানিয়ে ডিএমপি। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন করা হবে।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার দিনক্ষণ জানাবেন। এ মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন (রাজসাক্ষী হিসেবে)।













