ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে একাই লড়লেন তানজিদ হাসান তামিম। কিন্তু তার ৮৯ রানের দারুণ ইনিংস সত্ত্বেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারল না বাংলাদেশ।
টস জিতে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৫১ রান। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলেন। মাত্র ৬২ বলে ৮৯ রান করেন তিনি। তার ব্যাট থেকে আসে ৯টি চার ও ৪টি ছক্কা।
কিন্তু অন্য প্রান্তে যোগ্য সঙ্গী পায়নি তামিম। পারভেজ হোসেন ইমন ৯ বলে ৯, অধিনায়ক লিটন দাস ৯ বলে ৬ রান করে ফিরে যান। এরপর কিছুটা আশা জাগালেও সাইফ হাসান ২৩ বলে ২২ রানে আউট হয়ে গেলে আবারও ধস নামে।
দলের মধ্য ও নিচের সারির ব্যাটাররা একে একে ব্যর্থ হন। রিশাদ হোসেন (৩), নুরুল হাসান (১), নাসুম আহমেদ (১), জাকার আলি (৫) কেউই রান করতে পারেননি।
শেষদিকে তাসকিন আহমেদ ৪ বলে ৯ রান করে এক ছক্কায় মাঠকে মাতিয়ে তোলে। তবে ইনিংসের শেষটা হয় হতাশাজনকভাবে।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দেখিয়েছেন চমৎকার নিয়ন্ত্রণ। রোমারিও শেফার্ড ছিলেন বিধ্বংসী ৩ উইকেট তুলে নেন। জেসন হোল্ডার নেন ২ উইকেট, খারি পিয়েরে ২টি উইকেট এবং রস্টন চেজ ও আকিল হোসেইন পান ১টি করে উইকেট।








