দাপুটে পারফরম্যান্সে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ। রিজান হাসানের অলরাউন্ড নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাইগার জুনিয়রা। ব্যাট হাতে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও বোলিংয়ে ৫ উইকেট শিকারে নায়ক রিজানই।
রোববার (১০ আগস্ট) জিম্বাবুয়ের হারারেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় জুনিয়র টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ২৩৬ রানে অলআউট হয়ে যায় যুবা প্রোটিয়ারা। আর তাতেই ৩৩ রানের জয় পায় বাংলাদেশের যুবারা।
যুব দলের ব্যাটিং লাইনে বরাবরই জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমের ওপর ভরসা করা হয়। এ টুর্নামেন্টে অধিনায়ক তামিম তেমন সুবিধা করতে পারেননি। জাওয়াদ আবরারও নিয়মিত পারফরম করতে ব্যর্থ।
ফাইনালেও তারা ভালো করতে পারেননি। আবরার ৪২ বলে ২১ রান করে থেমেছেন। ওদিকে তামিম ২৮ বলে খেলে মাত্র ৭ রান করে আউট হন। ৬৫ রানের মধ্যে অপর ওপেনার রিফাত বেগকেও (১৬) হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ।
ওই অবস্থা থেকে দলকে নিরাপদে নিয়ে আসেন কালাম সিদ্দিকি ও রিজান হোসেন। দুজনের ১১৭ রানের জুটিতে বড় সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ। কালাম ৭৫ বলে ৬ চারে ৬৫ রান করে আউট হন। তবে রিজান নিজের ইনিংসটি আরও টেনে ৯৬ বলে ১০ চারে ৯৫ রান করে রান আউট হন।
মাত্র ৫ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মিস করেছেন এই ব্যাটার। ৪৭.৩ ওভারে রান আউট না হলে অনায়াসে তার সেঞ্চুরিটি পূর্ণ হতো। শেষের দুই ওভারে মোহাম্মদ আবদুল্লাহ ২৯ বলে করেছেন অপরাজিত ৩৮ রান আর সামিউন বশির ৮ বলে ১৩ রান করেছেন।







