ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অধিকার পাকিস্তানের রয়েছে। হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। একই সঙ্গে সামরিক বাহিনীকে ‘সংশ্লিষ্ট পদক্ষেপ’ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক এই কমিটি।
বুধবার (৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতীয় হামলার জবাব দেওয়ায় অনুমতি প্রদান করে এনএসসি বলেছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।
ভারত শাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ যাবত চলে দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধামকি। এরপর বুধবার (৭ মে) মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।
এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে।








