“আমার মনে হয়, আমরা একই অবস্থানে আছি। আমাদের দিকে তাকালে দেখবেন, আমাদের মধ্যে মাত্র চারজনের উপমহাদেশে টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে। তাই আমি বলব, প্রস্তুতি এবং অভিজ্ঞতার দিক থেকে উভয় দলই প্রায় সমঅবস্থানে আছে।”
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজের মনোভাব এভাবেই প্রকাশ করেন শন উইলিয়ামসন। জিম্বাবুয়ে দলের অধিনায়ক আজ শুক্রবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের সামনে হাজির হন।
তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের প্রস্তুতি খুব ভালো হয়েছে। বাংলাদেশ দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই আমি মনে করি, এটি এখন মানসিক প্রস্তুতির উপর নির্ভর করবে কীভাবে খেলোয়াড়রা নিজেদেরকে ফোকাসড রাখে, বিভ্রান্তি দূর করে এবং চাপের মুহূর্তগুলো সামলে নেবে।’
বাংলাদেশের পেস বোলিং ইউনিটের দারুণ উন্নতি উইলিয়ামসনের চোখে পড়েছে। তার দাবি, জিম্বাবুয়েও বেশ কয়েকজন তরুণ পেসার পেয়েছে। তার দেশের পেসাররাও এগোবেন বলেই সফরকারীদের অধিনায়কের বিশ্বাস।
‘আমার মনে হয় তারা এতে বেশ দক্ষ। বাংলাদেশের পেস বোলিং আক্রমণকে আমি বছরের পর বছর ধরে উন্নতি করতে দেখেছি। আর এখন তাদের কাছে নির্বাচনের জন্য যে পরিমাণ খেলোয়াড় আছে, তা সত্যিই অবাক করার মতো। আমি সত্যিই তোমাদের দেশ এবং আমাদের দেশের এই উন্নতি দেখে আনন্দ পেয়েছি। আশা করি আমরাও একইভাবে এগোতে শুরু করবো।’








